বাংলাদেশের ক্রিকেটের হারিয়ে যাওয়া ইতিহাস, স্মৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে প্রকাশিত হয়েছে সাবেক ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব লুৎফুর রহমানের নতুন বই ‘ষাট দশকের ক্রিকেট এই বাংলায়’। ক্রীড়াঙ্গনে ‘মাখন ভাই’ নামে পরিচিত এই প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্বের বইটি প্রকাশ করেছে সৌম্য প্রকাশনী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক, জাহাঙ্গীর শাহ বাদশা, ওমর খালেদ রুমি, দুলাল হোসেন, শহিদুল ইসলাম রতন, দুই ক্রীড়া লেখক ইকরাম উজ্জামান ও সালেক সূফি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়ালেখক দুলাল মাহমুদ।
বাংলাদেশের ক্রিকেটের শুরুর সময়ের নানা ঘটনা, খেলোয়াড়দের স্মৃতি, স্কোরকার্ড, ছবি এবং তৎকালীন ক্রিকেটের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন লুৎফুর রহমান। তার আগের বই ‘ক্রিকেটের সাথে চলা’-তেও ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলের ক্রিকেটের নানা ঘটনা, পঞ্চাশের দশকের ক্রিকেট এবং তৎকালীন অবকাঠামোর চিত্র উঠে এসেছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা দেশের ক্রিকেটের হারিয়ে যেতে বসা ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।
সেই ধারাবাহিকতায় নতুন বই ‘ষাটের দশকের ক্রিকেট এই বাংলায়’-এ মূলত ষাটের দশকের ক্রিকেটকে কেন্দ্র করে স্মৃতিচারণ ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের ক্রিকেটীয় পরিবেশ, ঢাকা স্টেডিয়াম, ক্রিকেটের অবকাঠামো, খেলোয়াড়দের জীবন ও মাঠের বাইরের নানা ঘটনা বইটির গুরুত্বপূর্ণ অংশ।
লুৎফুর রহমানের লেখায় উঠে এসেছে এমন এক সময়ের ক্রিকেটের গল্প, যখন আজকের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। সীমিত অবকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা কীভাবে ক্রিকেটের সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন, সেই সময়ের ক্রিকেট সংস্কৃতি কীভাবে ধীরে ধীরে বিকশিত হয়েছিল, তারই স্মৃতিচিত্র পাওয়া যায় বইটিতে।
লুৎফুর রহমানের ‘ষাট দশকের ক্রিকেট এই বাংলায়’ বইটি সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ২৫২ পৃষ্ঠার বইটিতে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস ও লেখকের দীর্ঘ ক্রিকেট-অভিজ্ঞতার নানা দিক স্থান পেয়েছে। ‘ষাট দশকের ক্রিকেট এই বাংলায়’ তাই শুধু একটি বই নয়; বাংলাদেশের ক্রিকেটের অতীতকে ধরে রাখার আরেকটি প্রয়াস। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা সেইসব গল্প, মানুষ ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজটিই করেছেন ‘মাখন ভাই’।