ধামরাই ছাত্রদল সভাপতিকে শোকজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পাঠানো নোটিশে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এবং  ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে৷

জেলা ছাত্রদল জানায়, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়।

এদিকে, উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক নোটিশের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, ‘আর কত অভিযোগ উঠলে বহিষ্কার করা হবে, তা আমাদের জানা নেই।’ তারা এসকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে কোনো ব্যক্তির কর্মকাণ্ডে যেন ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

স্থানীয়রা জানায়, এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে,আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকবো না,’ উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে গিয়ে এভাবেই শাসিয়েছেন ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে রবিন সেখানে গেলেও ব্যবসায়ী সাদ্দাম দাবি করেছেন, পারিবারিক বিরোধে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি জানান এ ঘটনায় আতঙ্কে রয়েছে তার পরিবার৷

শোকজের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। 

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, দলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সংগঠনের নীতিমালা পরিপন্থী অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত