জাপানের আইচি নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠলেও, তার আগেই আগামীকাল (সোমবার) ফুটবল ইভেন্টে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমারা মুখোমুখি হচ্ছে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি ও চেনা প্রতিপক্ষ উত্তর কোরিয়ার। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটির আগে আজ সংবাদ সম্মেলনে দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার দলের লক্ষ্য ও বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা বাইরের কেউ দেখছে না এবং দলকেও বাস্তববাদী হতে হবে, "এই ম্যাচের জন্য আমাদের আলাদা কোনো বিশেষ পরিকল্পনা নেই। মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। নিজেদের প্রতি সৎ থেকে বলতে গেলে— এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না, বাস্তবতাও হয়তো সেটাই।"
এ বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। অস্ট্রেলিয়ায় সেই ম্যাচের স্মৃতিচারণ করে কোচ বলেন, "গত এশিয়ান কাপে আমরা তাদের কাছে হেরেছিলাম। সেবার আমরা মোটেও ভালো খেলতে পারিনি, তবে সেই হার আমাদের তরুণ মেয়েদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল।"
দেশে মেয়েদের নিয়মিত কোনো ঘরোয়া লিগ না থাকার বিষয়টিও উল্লেখ করে তিনি জানান, বড় কোনো ফলাফলের প্রত্যাশা না করে দলের মর্যাদা ও ক্রেডিবিলিটি ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ।
ফলাফলের চেয়ে তরুণ ফুটবলারদের বড় মঞ্চের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার কথা জানিয়ে বাটলার যোগ করেন, "ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েকে সুযোগ দেব। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো। পরিস্থিতি কতটা কঠিন হতে যাচ্ছে, তা নিয়ে আমার বিন্দুমাত্র বিভ্রান্তি নেই। তবে এই কঠিন চ্যালেঞ্জের মাঝেও আমরা খেলাটি উপভোগ করতে চাই।"
এশিয়ান গেমসের 'এফ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার। দলগুলোর ফিফা র্যাঙ্কিং ও শক্তির বিচারে গ্রুপ পর্বের লড়াই যে বেশ কঠিন হবে, তা স্বীকার করে বাংলাদেশের কোচ জানান, গ্রুপের অন্যান্য দলের তুলনায় পিছিয়ে থাকলেও দল নিজেদের সেরাটা দিয়েই লড়বে। গ্রুপ থেকে সেরা দুই দল এবং তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। এর আগে ২০২৩ সালের আসরে অংশগ্রহণ করে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
শেন ওয়ার্নের জন্মদিনে ছেলের আবেগঘন ভিডিও প্রকাশ