সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের এই অঞ্চলের ৮০ শতাংশ জমিতে সারের প্রয়োজন রয়েছে। বর্তমানে যারা সারের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের অনেকে ভিন্ন রাজনৈতিক মতের দলের সঙ্গে যুক্ত হলেও সরকার তাদের সঙ্গে বসেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি সাংবাদিকদের অভিভাবক নন, বরং তাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছরই পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব না হলেও আগামী বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ.ই সুলতান মাহমুদ বাবুসহ অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত