ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে উপাচার্য চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফার সাথে সাক্ষাৎ করেন।
এর আগে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, উপাচার্য মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে আমরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত কার্যকরী অভিযান পরিচালনার দাবি জানিয়েছি।
তিনি বলেন, বিগত ৪ আগস্ট উপাচার্য মহোদয় বরাবর আমরা যে স্মারকলিপিটি প্রদান করেছিলাম, সেটিতে উল্লিখিত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের বিষয়েও আমরা তাঁদের তাগিদ দিয়েছি।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা আমাদের সাংগঠনিক পরিসর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের নিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করলে সেক্ষেত্রেও প্রযোজনে স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনগুলোকে সার্বিক সহযোগিতা করব।
তিনি আরও বলেন, আমাদের হল শাখাগুলো আগামীকাল থেকে স্ব-স্ব প্রশাসনের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা করবে এবং হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।