১৮ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ফুটবল লিগ, প্রথম দিনই ৫ ম্যাচ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শুরু হবে ১৮ সেপ্টেম্বর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে লিগের ১০ দল।

প্রথম দিনের পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে ফর্টিজ এফসি ও চট্টগ্রাম সিটি এফসির লড়াইয়ে। ১৮ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। একই সময়ে গাজীপুরের শহীদ বারকাত স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জ এমএফএস।

চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ সিটি ক্লাব। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সামনে থাকবে আবাহনী লিমিটেড ঢাকা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এই রাউন্ডে মোহামেডানের কোন ম্যাচ হবে না।

সূচি অনুযায়ী, প্রথম পর্বে মোট ১৩ রাউন্ডে ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৫ সেপ্টেম্বর, আর তৃতীয় রাউন্ড থেকে ম্যাচগুলোর সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দিনের ম্যাচগুলো মূলত দুপুর তিনটায় এবং বসুন্ধরা কিংসের ম্যাচগুলোতে বিকেল সাড়ে ৫টার সময় রাখা হয়েছে।

প্রথম লেগের শেষ রাউন্ডের ম্যাচ হবে ১৬ জানুয়ারি ২০২৭। ওই রাউন্ডে আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে, ফর্টিজ এফসি মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের, বসুন্ধরা কিংস খেলবে মোহামেডান এসসির বিপক্ষে এবং চট্টগ্রাম সিটি এফসি লড়বে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। একই দিনে সিটি ক্লাবের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

বাফুফের সূচিতে আরও উল্লেখ করা হয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের সূচির কারণে ফর্টিজ এফসির কয়েকটি ম্যাচ নির্ধারিত তারিখে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিবর্তনের কথাও উল্লেখ রয়েছে। সব মিলিয়ে, নতুন মৌসুমে ঘরোয়া ফুটবলের লড়াই শুরু হচ্ছে বেশ জমজমাট সূচি নিয়ে। ১৮ সেপ্টেম্বর ছয় ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬-২৭ বাংলাদেশ ফুটবল লিগের।

সর্বশেষ সর্বাধিক পঠিত