ইসলামী ব্যাংক ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি

 চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইস্যুতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ‘সচেতন গ্রাহক ফোরাম’র পাল্টাপাল্টি কর্মসূচি ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পৃথক কর্মসূচি পালন করে দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ করে চলে যান। একই সঙ্গে আজ সোমবার একই সময়ে ফের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

দুই পক্ষের কর্মসূচি কেন্দ্র করে দীর্ঘ সময় দিলকুশা-মতিঝিল সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যাংকপাড়ায় আসা কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, ইসলামী ব্যাংক থেকে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত অবস্থায় থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের এক দফা দাবিবকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই চাকরিতে পুনর্বহাল করা। এ সময় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

অন্যদিকে, ‘সচেতন গ্রাহক ফোরাম’র সদস্যরা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করেন। তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং আমানতকারীদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এর আগে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ ইসলামী ব্যাংক ইস্যুতেও সংগঠনটি তাদের অবস্থান তুলে ধরে কর্মসূচি পালন করছে।

কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, যেকোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে এমন স্থানে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে সাধারণ মানুষের জনদুর্ভোগ কম হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত