ইসলামী ব্যাংকে গ্রহণযোগ্য পর্ষদ দেবে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম

চলমান অস্থিরতার মধ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে। যথাসময়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি পর্ষদ গঠন করা হবে।

ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে ব্যাংকের পর্ষদ গঠনের দাবি জানায় ব্যাংকটির গ্রাহক ফোরাম। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিধিবিধান অনুসরণ না করে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে পুনর্বহালের দাবি জানাচ্ছে। 

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে অনেক গ্রাহক ও অংশীজন ব্যাংকটির সুষ্ঠু পরিচালনা চান। তাদের প্রত্যাশা, ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের সব পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তিরা থাকবেন এবং তাদের মাধ্যমে ব্যাংকটি সুচারুভাবে পরিচালিত হবে।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিপুল কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। তাদের বক্তব্য, চাকরিচ্যুতির ক্ষেত্রে প্রয়োজনীয় বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ কারণে তারা পুনর্বহালের দাবি জানাচ্ছেন। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গতকাল রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে উভয় পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করেছে। এভাবে অবস্থান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। যেহেতু বিষয়টি ব্যাংক ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ জনসমাগমস্থলে হচ্ছে, তাই কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা বিষয়টি দেখছে এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে সজাগ রয়েছে।

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে। যথাসময়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি পর্ষদ গঠন করা সম্ভব হবে। তবে কবে নাগাদ পর্ষদ ঘোষণা দেওয়া হবে নির্দিষ্ট সময় তারিখ উল্লেখ করেনেনি। এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পর্ষদ পুনর্গঠন নিয়ে এরপর থেকেই আলোচনা চলছে।

খাত-সংশ্লিষ্টরা মনে করেন, ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার প্রভাব যাতে ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকার প্রয়োজন। ব্যাংকে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এবং শক্তিশালী অবস্থানে ফিরে যাচ্ছে। এমন কোনো পরিবেশ সৃষ্টি করা উচিত নয়, যার কারণে ব্যাংকটি আবার হোঁচট খায়। সব পক্ষের প্রতি ব্যাংকটিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক।

সর্বশেষ সর্বাধিক পঠিত