মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান কারাগারেই করতে চান চিন্ময়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম

মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান আয়োজন চট্টগ্রাম কারাগারেই করতে চান কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এজন্য তার বড় ভাই রঞ্জন কুমার ধর কারাগারে প্রবেশ ও শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) করা আবেদনে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে চিন্ময়কে কারাগারের ভেতর আগামী ২০ সেপ্টেম্বর তার মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। এছাড়া শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে ভেতরে প্রবেশের অনুমতিও চাওয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের যে আবেদন সেটার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। এটা কারাবিধি অনুযায়ী জেল সুপার সিদ্ধান্ত নেবেন।’

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ছগির মিয়া বলেন, ‘এ ধরনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুরে কারাবিধিতে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় আছে এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই সিদ্ধান্ত হতে পারে বিশেষ বিবেচনায়। সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিলেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত