বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালকের প্রাণ কাড়ল সাপ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের দংশনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবু তাহের বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে চৌকির ওপর ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের বাম কাঁধের নিচে বিষধর সাপ দংশন করে। তবে সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। পরে অসুস্থতা বাড়তে থাকলে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়।

সকাল ৮টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে সাপের দংশনের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে না পারায় চিকিৎসা শুরুতে কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা সাপের দংশনের বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকেরা অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই দুপুর ১২টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই জানিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় লিখিত আবেদন করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাটোর সদর হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত