ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করে। জব্দ করা মাইক্রো থেকে অসংখ্য মাস্ক ও ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগর উপজেলায় পুলিশের পৃথক চেকপোষ্টে ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ছাড়াও জেলার বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এতে সোমবার দিবাগত দেড়টার দিকে জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোষ্ট বসায়। এসময় সেখানে একটি হায়েস মাইক্রো থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই রাত ২টার দিকে সদর উপজেলার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্ত কেন্দ্রের চেকপোস্টে একটি হায়েস মাইক্রো ১১ জনকে গ্রেপ্তার করেন। এছাড়া একই রাত ২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট চলাকালে হায়েস মাইক্রোবাস থেকে আরও ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
জেলা পুলিশ দাবী করেছে, পৃথক হায়েস মাইক্রো থেকে গ্রেপ্তার করা ৩১ জনের কাছ থেকে মাস্ক এবং ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তারা সংঘবদ্ধভাবে জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। তাছাড়া সংগঠিত হওয়ার পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।