সেন্টমার্টিনে দেড়শ পরিবারকে ত্রাণ দিল কোস্ট গার্ড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নিম্ন আয় ও হতদরিদ্র দেড়শ পরিবারের মাঝে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রদান করে আসছে।

তিনি বলেন, পর্যটন বন্ধ থাকায় সেন্টমার্টিনের নিম্ন আয়ের অনেক পরিবার বর্তমানে এক ধরনের অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে কোস্ট গার্ডের পক্ষ থেকে দেড়শ পরিবারের মাঝে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও দূর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত