আলু সেদ্ধ করারও যে নিয়ম আছে, এটা শুনে কি মনে মনে হাসছেন। সেদ্ধ করতে গিয়ে অনেক সময়েই আলু বেশি সেদ্ধ হয়ে গলে যায়। আবার অনেক ক্ষেত্রে এতটাই শক্ত হয়ে থাকে যে, মাখা যায় না। আলু সমানভাবে সেদ্ধ হয় না। চার পাশটা নরম হয়ে গেলেও ভেতরটা কাঁচাই থাকে। তাই আলু সেদ্ধ করার সময়ে পানি ফুটে উঠলে তারপর তাতে আলু দেবেন না। বরং যখন পানি গরম বসাবেন, তখনই সসপ্যানে আলু দিয়ে দিন। এতে আলু ধীরে ধীরে সেদ্ধ হবে এবং গোটাটা সেদ্ধ হবে।
আবার আলু যখন সেদ্ধ বসাবেন, তখনই পানিতে কিছুটা লবণ মিশিয়ে দিন। এতে আলু ভালোভাবে সেদ্ধ হবে এবং স্বাদও আসবে। আলু নরম হয়ে গলে যায়? এই ঝামেলা এড়াতে পানিতে এক চামচ ভিনিগার মিশিয়ে দিন। ভিনিগারের অ্যাসিডিটিক বৈশিষ্ট্য আলুর গঠনকে বদলে যেতে দেয় না। বরং আলুর গঠন মজবুত রাখে। ভর্তা বা আলু কাবলি বা তরকারির আলু সেদ্ধ করার সময়ে এই টোটকা কাজে লাগাতে পারেন। ভিনিগারের বদলে অল্প লেবুর রসও মেশাতে পারেন। গোটা আলু সেদ্ধ করার বদলে টুকরো টুকরো করে কেটে নিন। এতে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়। পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। এতে আলুগুলোকে ধীরে ধীরে সেদ্ধ হতে পারবে। ছোট আলু ১৫-২০ মিনিট এবং মাঝারি আলু ২০-২৫ মিনিট সেদ্ধ করলেই হবে। আর বড় আলু হলে ২৫-৩৫ মিনিট সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ হওয়ার পরে সেই গরম পানিতেই আরও ৫ মিনিট রেখে দিন। এতে আরও ভালোভাবে আলু সেদ্ধ হবে। খোসা ফেলে আলু সেদ্ধ করবেন না। এতে আলুতে পানি আটকে স্বাদের তারতম্য হতে পারে।