যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পঞ্চম ‘নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ম্যানহাটন কমিউনিটি কলেজের (বিএমসিসি) ১৯৯ চেম্বার্স স্ট্রিটে সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রদর্শকরা অংশ নেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার।
বক্তব্যে কেলি লফলার ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। নতুন সুযোগ সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব জোর দিয়ে জানান তিনি।
ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান ও সৈয়দ জাকি হোসাইনের মতো সফল ব্যক্তিত্বদের উদাহরণ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এবং তৈরি পোশাক বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে এক্সপোটিকে দুই দেশের অর্থনৈতিক সেতুর সঙ্গে তুলনা করেন।
মার্ক জ্যাফে তার বক্তব্যে জানান, চেম্বারের ২৫ বছরের এক্সপো আয়োজনের অভিজ্ঞতায় গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বার যৌথভাবে কাজ করছে। এটি বড় ও উদীয়মান ছোট ব্যবসাগুলোর মাঝে সমন্বয়ের চমৎকার সুযোগ তৈরি করেছে।
মেলায় অনুষ্ঠিত বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রদর্শনী প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এক্সপোতে আয়োজিত গুরুত্বপূর্ণ সেমিনারের মধ্যে অন্যতম ছিল ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’। এতে বিনিয়োগ, অর্থায়ন, এআই ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এছাড়া, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে 'ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬' প্রদান করা হয়।
এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকান প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য উপস্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ার কার্যকর সুযোগ পাচ্ছে। আয়োজকরা সফল আয়োজনের জন্য সকল অংশীদার, প্রদর্শক ও দর্শনার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।