ফ্রান্সে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের বড় একটি অংশ এখন অনলাইনে সম্পন্ন করতে হয়। কর প্রদান, স্বাস্থ্যবিমা, পারিবারিক ভাতা, অবসর ভাতা, চাকরি ও কর্মসংস্থান, গাড়ির কাগজপত্র কিংবা বিভিন্ন সরকারি আবেদন করতে গিয়ে অনেকেই অনলাইন পদ্ধতিতে সমস্যায় পড়েন।
বিশেষ করে বয়স্ক মানুষ, নতুন অভিবাসী এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন এমন ব্যক্তিদের জন্য এসব প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে ওঠে।
এই সমস্যা কিছুটা সহজ করতে প্যারিসের উপকণ্ঠের লা কুরনভ শহরে চালু রয়েছে ‘লা কুরনভ মবিল’। এটি একটি ভ্রাম্যমাণ সরকারি সেবা কেন্দ্র। নির্দিষ্ট কোনো দপ্তরে মানুষকে যেতে না দিয়ে একটি বিশেষ গাড়ির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে নাগরিকদের প্রশাসনিক কাজে সহায়তা দেওয়া হয়।
‘লা কুরনভ মবিল’ মূলত ফ্রান্সের ‘ফ্রান্স সার্ভিসেস’ কর্মসূচির ভ্রাম্যমাণ সেবা ব্যবস্থা। এখানে নাগরিকরা বিভিন্ন সরকারি কাজ সম্পর্কে বিনামূল্যে তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। সাধারণভাবে এই সেবা গ্রহণের জন্য আগে থেকে সময় নির্ধারণের প্রয়োজন হয় না। নির্ধারিত দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে সরাসরি সহায়তা নেওয়া যায়।
এই ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রে নাগরিকদের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কাজে সহায়তা করা হয়। এর মধ্যে রয়েছে আয়কর ও করসংক্রান্ত কাজ, স্বাস্থ্যবিমা, অবসর ভাতা, চাকরি ও কর্মসংস্থান, পারিবারিক ভাতা এবং বিভিন্ন সামাজিক অধিকারসংক্রান্ত বিষয়। এ ছাড়া কার্তু সিজুর, পাসপোর্ট, গাড়ির নিবন্ধন, চালকের অনুমতিপত্রসহ বিভিন্ন সরকারি নথিপত্রের আবেদন ও সংশ্লিষ্ট অনলাইন প্রক্রিয়া বুঝতে সহায়তা দেওয়া হয়।
কোনো সরকারি আবেদন কীভাবে করতে হবে, অনলাইনে কীভাবে সরকারি হিসাব খুলতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে জমা দিতে হবে কিংবা কোনো আবেদনের অগ্রগতি কীভাবে দেখা যায়, এসব বিষয়েও পরামর্শ পাওয়া যায় কম্পিউটার ও নথিপত্র ব্যবহারের সুবিধা যাদের নিজস্ব কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্যও এখানে সহায়তার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা যায়।
প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণ ও স্ক্যান করার সুবিধাও রয়েছে। ফলে কোনো সরকারি আবেদন করার সময় প্রয়োজনীয় নথি তৈরি, মুদ্রণ বা অনলাইনে পাঠানোর ক্ষেত্রে সাধারণ মানুষ সহায়তা নিতে পারেন। ফ্রান্সে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্যও এ ধরনের সেবা বিশেষভাবে কার্যকর হতে পারে। কারণ ফ্রান্সে বসবাসের পর বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যবিমা, পরিবারভাতা, কর, চাকরি, আবাসন এবং অন্যান্য সামাজিক সেবার সঙ্গে যুক্ত হতে হয়।
অনলাইনে সরকারি আবেদন করার সময় ভাষাগত সমস্যা, প্রয়োজনীয় নথি সম্পর্কে অপর্যাপ্ত ধারণা কিংবা সরকারি ওয়েবসাইট ব্যবহারে অসুবিধা হলে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের কর্মীদের কাছ থেকে প্রাথমিক সহায়তা নেওয়া যায়। তবে এই কেন্দ্র নিজে কোনো সরকারি আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। সংশ্লিষ্ট সরকারি দপ্তরই আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র মূলত নাগরিককে সঠিক প্রক্রিয়া বুঝতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করতে
সহায়তা করে। সপ্তাহজুড়ে বিভিন্ন এলাকায় সেবা: লা কুরনভ মবিল সপ্তাহের পাঁচ দিন প্যারিস শহরের উপকন্ঠে গ্রেটার প্যারিস বা ইল দ ফ্রন্সে অবস্থান করে নাগরিকদের সেবা দিয়ে থাকে। প্রতিদিনের জন্য নির্ধারিত স্থান ও সময় রয়েছে। লা কুরনভ মবিলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এখানকার প্রশাসনিক সহায়তা বিনামূল্যে পাওয়া যায়। সাধারণ নাগরিককে কোনো পরামর্শ ফি দিতে হয় না।
সরকারি বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থায় নিজে কাজ করতে না পারলেও এখানে প্রশিক্ষিত কর্মীদের সহায়তায় প্রয়োজনীয় প্রক্রিয়া বোঝা এবং সম্পন্ন করার সুযোগ রয়েছে।ফ্রান্সজুড়ে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ লা কুরনভ মবিল কোনো বিচ্ছিন্ন স্থানীয় উদ্যোগ নয়। এটি ফ্রান্সের ‘ফ্রান্স সার্ভিসেস’ কর্মসূচির অংশ।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নাগরিকদের বসবাসের কাছাকাছি এলাকায় সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি করা। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণ সেবা ব্যবস্থাও চালু রয়েছে। এর মাধ্যমে যেসব এলাকায় মানুষের জন্য প্রশাসনিক দপ্তরে যাওয়া কঠিন, সেসব এলাকার নাগরিকদের কাছেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি সরাসরি মানবিক সহায়তা: ফ্রান্সের সরকারি ব্যবস্থায় অনলাইন সেবার ব্যবহার বাড়লেও প্রত্যেক নাগরিকের পক্ষে সব ধরনের ডিজিটাল প্রক্রিয়া সহজে সম্পন্ন করা সম্ভব হয় না। সেই জায়গায় সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করার ভূমিকা পালন করছে ফ্রান্স সার্ভিসেসের ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো।
লা কুরনভ মবিলের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নির্ধারিত দিনে সরকারি প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে নাগরিকদের জন্য সরকারি সেবার সঙ্গে যোগাযোগ আরও সহজ হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ডিজিটাল ব্যবস্থায় কম অভ্যস্ত মানুষ, চাকরিপ্রার্থী, পরিবার এবং ফ্রান্সে নতুন বসবাস শুরু করা ব্যক্তিদের জন্য এই ধরনের সেবা প্রশাসনিক প্রক্রিয়া বুঝতে সহায়ক হতে পারে।