শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে—এমন খবরের বিষয়ে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন ভারতের নজরে এসেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার। দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত বা বিষয় এসব চুক্তিতে রয়েছে কি না, তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।
পরে ১৩ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, চুক্তি ও সমঝোতা স্মারকগুলো জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ব্যবস্থা রয়েছে। পানি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।