মিয়ানমারে পাচারের আগেই ৬৩ টন সিমেন্ট জব্দ, আটক ২

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি বোট জব্দ করা হয় এবং পতেঙ্গা থেকে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তবে বাঁশখালীতে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের মোট ওজন ৩৭ হাজার ৫০০ কেজি।

অভিযানে সিমেন্ট বহনকারী কার্গো বোটটিও জব্দ করা হয়। একই সঙ্গে দুই পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড।

অন্যদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের ওজন ২৫ হাজার ৫০০ কেজি। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এর মোট ওজন ৬৩ হাজার কেজি বা ৬৩ মেট্রিক টন। একই সঙ্গে দুটি বোটও জব্দ করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত