ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিলে দেশটি নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার এ কথা বলেন।
ভারতের সঙ্গে ১০১টি চুক্তি বাংলাদেশ পর্যালোচনা করছে। এ বিষয়ে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন ভারতের নজরে এসেছে। তবে এখনো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তিনি বলেন, ‘ভারত স্বাভাবিকভাবেই তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গত ১১ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পর্যালোচনার কথা জানান। তিনি উল্লেখ করেন, এর মধ্যে অন্যান্য দেশের জাহাজের চট্টগ্রাম ও মোংলাবন্দর ব্যবহারের বিষয়গুলোও রয়েছে।
চিফ হুইপ বলেন, সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টনের ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে করা এক প্রশ্নে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি যৌথ ব্যবস্থা রয়েছে; কারিগরি পর্যায়ে বৈঠক হচ্ছে, যা অব্যাহত থাকবে।