সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়।
ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটি গঠিত হয়েছে। ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে ডিবিতে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান করতে হয়।
রাকিবুল হাসানের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না। অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।
অডিওটির কথোপকথনের বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএমপি। এরই মধ্যে কমিটি তাদের কাজ শুরু করেছে।