ময়মনসিংহ, মৌলভীবাজার ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিনিধিদের পাঠানো খবর।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজি চালক শুভ চন্দ্র। তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত দুটি অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরা থানার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।