অনলাইনে প্রেমের পরিণতি

বিষপানে স্বামীর মৃত্যু হাসপাতালে স্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় গড়ে উঠেছিল প্রেম। ভালোবাসার টান উপেক্ষা করতে না পেরে দুই মাস আগে বাঁধেন সংসার। কিন্তু সে স্বপ্নের আয়ু হলো না বেশি দিন। পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত বিষপান করেন তরুণ স্বামী-স্ত্রী। এতে স্বামীর মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর সদরের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম নয়ন। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকটা গ্রামের কলিম উল্লাহর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার স্ত্রী বর্ষার বাড়ি সিলেটের হবিগঞ্জে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর নয়ন ও বর্ষার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়সের ব্যবধান ও সামাজিক প্রতিকূলতা পেরিয়ে দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের পর সংসার ভালোই চলছিল। কিছু দিন পর তাদের মধ্যে পারিবারিক নানা বিষয়ে দ্বন্দ্ব ও ক্ষোভ জমা হতে থাকে।

শুক্রবার দুপুরে অভিমান আর কলহের চূড়ান্ত পরিণতি হিসেবে বিষপানের সিদ্ধান্ত নেন দুজনে। বাড়ি থেকে বের হয়ে তারা নাঙ্গলকোট পৌর সদরের রেললাইনের পাশে যান। সেখানে প্রথমে নয়ন এবং পরে বর্ষা বিষপান করেন। বিষের তীব্র যন্ত্রণায় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত