হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে রোমাঞ্চের সব রঙ ছড়িয়ে শেষ হাসি হাসল জ্যামাইকা কিংসম্যান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া বিশাল লক্ষ্য তাড়ায় নেমে রভম্যান পাওয়েলের বিধ্বংসী ঝড়ে ৫ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। এতে শিমরন হেটমায়ারের অনবদ্য সেঞ্চুরি এবং দলের লড়াই করেও ফাইনালে উঠতে না পারার বেদনা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মেহেদী হাসান মিরাজদের।

চলতি আসরে বল হাতে এদিন সবচেয়ে বিবর্ণ ছিলেন মিরাজ। সিপিএলের অভিষেক ম্যাচে ৩ উইকেটসহ আগের চার ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৯ উইকেট শিকার করা বাংলাদেশি এই অলরাউন্ডার এই ম্যাচে ৪ ওভার বল করে কোনো উইকেট পাননি, উল্টো খরচ করেছেন ৪৩ রান।

বার্বাডোজে আজ অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গায়ানা। দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারালেও সেখান থেকে দলকে টেনে তোলেন হেটমায়ার ও শাই হোপ। মাত্র ২০ বলেই ফিফটি তুলে নেওয়া হেটমায়ার এরপর আরও চড়াও হন প্রতিপক্ষের বোলারদের ওপর। হোপের সঙ্গে ৯৬ রানের দারুণ জুটির পর কুইন্টিন স্যাম্পসনের সঙ্গেও গড়ে ওঠে আরেকটি কার্যকরী জুটি। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪৫ বলেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তার ৪ চার ও ৮ ছক্কায় সাজানো ১০২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গায়ানা।

জবাবে ২০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকে জ্যামাইকা। মাজ সাদাকাত, কার্ক ম্যাকেঞ্জি এবং কেসি কার্টির দায়িত্বশীল ও ঝোড়ো ইনিংসগুলো দলকে জয়ের পথে টিকিয়ে রাখে। 

তবে ম্যাচের আসল নাটক বাকি ছিল শেষ ওভারগুলোর জন্য। দলের জয় যখন সুদূরপরাহত মনে হচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন জ্যামাইকা অধিনায়ক রভম্যান পাওয়েল। মাত্র ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪০ রানের এক মহাতাণ্ডব চালিয়ে ২ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি। 

অসাধারণ এই জয়ের পর ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এক দারুণ ও প্রশংসনীয় উদ্যোগ নেন পাওয়েল; শত রান করেও দল হেরে যাওয়ায় প্রতিপক্ষ ব্যাটার হেটমায়ারের লড়াইয়ের প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরার পুরস্কারটি তার সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি। এই জয়ে ফাইনালে পৌঁছে গেল জ্যামাইকা, আর মিরাজদের রঙিন ক্যাম্পেইনের সমাপ্তি ঘটল হতাশার এক হারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত