কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হোয়াইক্যং ও হ্নীলা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ৬৪ বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, শুক্রবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে চলে যান। পরে পলিব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর রাত ৩টায় হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়।
বিজিবি জানায়, এসময় মিয়ানমার থেকে চার ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো শ্মশানঘাটে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৪০টি কাট থেকে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।