ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান গণমাধ্যমকে জানান, রাত ১২টা ১০ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী গণমাধ্যমকে জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত