ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে চলতি মূলধন জোগাতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে দেশে পরিচালিত সব ফাইন্যান্স কোম্পানি। এ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, ৮ জুন জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং-০৪-এর আওতায় দেশে পরিচালিত সব ফাইন্যান্স কোম্পানি পুনঃঅর্থায়ন গ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হবে।
তবে পুনঃঅর্থায়ন তহবিলের অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা অর্জনের জন্য ফাইন্যান্স কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকের ১৭ মার্চ এসএমইএসপিডি সার্কুলার নং-০১-এর ১৪.৪.২ নম্বর অনুচ্ছেদ এবং ১২ নভেম্বর এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২-এর ২ নম্বর অনুচ্ছেদে দেওয়া শর্তগুলো পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ৮ জুন জারি করা সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল-সংক্রান্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাও ফাইন্যান্স কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হয়। নতুন নির্দেশনার ফলে ব্যাংকের পাশাপাশি যোগ্য ফাইন্যান্স কোম্পানিগুলোও এ সুবিধার আওতায় আসবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।