হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এক আনসার সদস্য। তার সতর্কতায় ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে চেকিংয়ের সময় দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের।
এ সময় বিষয়টি এড়িয়ে যেতে ওই যাত্রী আনসার সদস্যকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে পিসি মো. নিজাম উদ্দিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে বিষয়টি জানান।
পরে ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর মালামাল তল্লাশি করেন। তল্লাশিতে তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
পরে আটক যাত্রী ও উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আটক মোহাম্মদ হালিম কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জজ মিয়া।