লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ পূর্ব সারডুবি বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় এস্কাপ সিরাপ ১৪৯ বোতল এবং ফেয়ারডিল সিরাপ ৪৭ বোতল আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহলদল ০১৫৫ ঘটিকায় সীমান্ত হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এস্কাপ সিরাপ ১৪৯ বোতল এবং ফেয়ারডিল সিরাপ ৪৭ বোতল আটক করে। আটক ভারতীয় মাদকদ্রব্যের মূল্য ৭৮,৪০০ (আটাত্তর হাজার চারশ) টাকা।
অধিনায়ক তিস্তা ব্যাটেলিয়ন ৬১ জানায়, বর্তমান সময়গুলোতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।