নারায়ণগঞ্জে নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৭ নারীর মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়। তিন মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ নারীদের মধ্যে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন ও ৪২টি ফুড কার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন, ইউএনডিপির প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হোসনেয়ারা আলোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, উপকারভোগীরা যাতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এসব সামগ্রী দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ৯৭টি পরিবারকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা এবং তাদের পরিবারে নতুন করে সচ্ছলতা ফিরিয়ে আনা।
তিনি বলেন, সিটি করপোরেশন, ইউএনডিপি ও উপকারভোগীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সরঞ্জামগুলো হস্তান্তর করা হচ্ছে। এসব সামগ্রী অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করা চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে। সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, সরকারি কিংবা বৈদেশিক সহায়তায় পাওয়া সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।