নারায়ণগঞ্জে টুটুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাত মো. টুটুল (২৮) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি তাফসীরকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গ্রেপ্তার তাফসীর (২৩) আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বন্দর থানার আলীনগর এলাকায় আকরামের লবণ কারখানার সামনে টুটুলকে তাফসীরসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত টুটুলকে স্থানীয়দের সহায়তায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত