ব্যাটিং ব্যর্থতায় ব্রোঞ্জটাও জেতা হলো না জ্যোতিদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

এশিয়া কাপের পর এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে পাকিস্তানকে হারিয়ে অন্তত ব্রোঞ্জ জিতে বাড়ি ফেরার সম্ভাবনা ছিল নিগর সুলতানা জ্যোতিদের। তবে ব্যাটিং ব্যর্থতায় হলো না সেটাও। তৃতীয় স্থান নির্ধারণী আজকের এই ম্যাচে ৩১ রানে হেরে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।

প্রতিযোগিতাটির এর আগের আসরে হাংজুতে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এর আগের দুই আসরে (২০১০ ও ২০১৪) জিতেছিল রূপা, সেই দুইবার অবশ্য পাকিস্তানের কাছে হেরে। 

নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তোলে ফাতিমা সানার দল।

চ্যালেঞ্জিং সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন পাওয়ারপ্লেতেই ম্যাচটা হেরে বসেন জ্যোতিরা। ৪.১ ওভারে ২০ রান স্কোরবোর্ডে যোগ করতেই সাজঘরে ফেরেন শুরুর তিন ব্যাটার। পরে টি-টোয়েন্টিতে নিজের শেষ ক্যাপ্টেন্সির ম্যাচে শারমিন আক্তারকে নিয়ে সেই চাপ সামলে এগোতে থাকেন জ্যোতি। সেখানে রানের চাকাটা তারা সামলে নিলেও রান রেটটা ছিল বেশ ধীরগতির, শেষ পর্যন্ত সেটিই বাঁধা হয়ে দাঁড়ায়।

দলীয় ৬৭ রানের মাথায় জ্যোতি (২৫) ফিরলেও শেষ পর্যন্ত ২২ গজে অপরাজিত ছিলেন শারমিন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। এতে ৪৫ বলে শারমিনের ৪৬ রানের লড়াকু ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ থামে ৭ উইকেটে ১১৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন উম্মে হানি।

এদিকে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো পেলেও ইনিংস মাঝে পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলেন রিতু-সানজিদারা। এতে ১১ ওভার ৪ বলে ৬৭ রানের মাথাতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। শঙ্কা জাগে ১০০-এর আগেই গুটিয়ে যাওয়ার।

তবে সেখানে ত্রাতা হয়ে আসেন অধিনায়ক সানা ও আলিয়া রিয়াজ। ষষ্ঠ উইকেটে তাদের ৬৭ রানে জুটিতেও গড়ে যায় চ্যালেঞ্জিং স্কোরের ভিত। ২৫ রান করে আলিয়া ফিরলেও সানার ব্যাটে আসে ৩০ বলে ৪৫ রান। এতেই দেড়শ ছুঁইছুঁই সংগ্রহে পৌঁছে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা, স্বর্না ও রিতু। 

সংক্ষিপ্ত স্কোর: 

পাকিস্তানের ইনিংস: ১৪৫/৮ (২০ ওভার) (ফাতিমা ৪৫, আলিয়া ২৫, ফিরোজা ৩১; রিতু ২/২৭, স্বর্না ২/১৬, নাহিদা ২/২১)
বাংলাদেশের ইনিংস: ১১৪/৭ (২০ ওভার) (শারমিন ৪৬*, জ্যোতি ২৫; হানি ৩/১০)
ফলাফল: পাকিস্তান ৩১ রানে জয়ী 

সর্বশেষ সর্বাধিক পঠিত