দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রাজধানীর মধ্যবাড্ডা, উত্তরা, মিরপুর ও কাফরুল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ট্রেনে আগুন এবং হাইকোর্ট ও একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে দাবি করে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যারা লং মার্চ করছেন, তাঁদের এসব ঘটনার বিরুদ্ধেও কর্মসূচি দেওয়া উচিত।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের প্রসঙ্গ টেনে জামায়াতের উদ্দেশে রিজভী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচির পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করা উচিত।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে দলটির ভূমিকা নেই। জনগণের সঙ্গে প্রতারণার কারণে তারা কখনো চূড়ান্ত পর্যায়ে জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সময় দেশে দীর্ঘদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন রিজভী। তাঁর ভাষ্য, তখন এক লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হতো। ফলে প্রতি লিটারে সরকারের প্রায় ৯০ টাকা লোকসান হয়েছে।
সম্প্রতি ডিজেলের দাম ২০ টাকা সমন্বয় করা হলেও লোকসান পুরোপুরি কাটেনি বলে দাবি করেন তিনি। রিজভীর হিসাবে, এখনো প্রতি লিটার ডিজেল বিক্রিতে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে।
আলোচনায় বিভিন্ন দেশের ডিজেলের দামের তুলনাও তুলে ধরেন রিজভী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৬১ টাকা, মিয়ানমারে ১৬৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং ফিলিপাইনে ১৮৮ টাকা ৫০ পয়সা। ভারতে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকার বেশি বলেও উল্লেখ করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান, মুখপাত্র এস এম শাহাদাতসহ অন্যরা।
অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী
শিক্ষার মানবীয় মেরুদণ্ডকে প্লাস্টিকে রূপান্তরিত করেছে আওয়ামী সরকার: রিজভী