রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি অনিয়ন্ত্রিত প্রাইভেট কার ফুটপাতে উঠে গিয়ে মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জার্মান দূতাবাসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
এ ঘটনায় প্রাণ হারানো মেহেদি হাসান মীর ফুটপাতে বসেছিলেন। তিনি পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে জার্মান দূতাবাসের এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাঈল হোসেন খান বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গাড়িটি ফুটপাতে উঠে গিয়ে নির্মাণ শ্রমিক মেহেদিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন ১৬ বছরের এক কিশোর, যার বাবা একজন ব্যবসায়ী। তাদের বাসা গুলশানে।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের এসইউভিটি (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) দ্রুত গতিতে এসে ফুটপাথে উঠে পড়ে। তখন সেখানে বসে ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী। গাড়িটি মেহেদিকে চাপা দিয়ে একটি সড়ক বাতির খুঁটিতে গিয়ে ধাক্কা দিলে সেটিও ভেঙে পড়ে।
এ ঘটনায় পুলিশ গাড়ি ও চালককে আটকের কথা জানিয়েছে। নিহত মেহেদির গ্রামের বাড়ি নীলফামারিতে।