বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে গাছের ডালের আঘাতে মোহাম্মদ রাশেদ নামে আহত যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রাশেদ মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করলে বিকেলে অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি ধুইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ রাশেদ (৩৫) ওই এলাকার নুরুল আলমের ছেলে। 

আটক জমিলা আক্তার (৩০)  একই এলাকার  প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ স্ত্রী। 

মামলার অভিযোগে জানা গেছে, জমিলা আক্তারের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ প্রায় পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছেন। এ সুযোগে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জমিলা ও তার শাশুড়ি হোসনে আরা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। মঙ্গলবার সকালে হোসনে আরা বেগম তার নাতনিকে দুষ্টুমি করার কারণে মারধর করলে এ নিয়ে জমিলা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নিলে স্থানীয় কয়েকজন সঙ্গে রাশেদ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন।

অভিযোগ রয়েছে এসময় রাশেদকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন জমিলা আক্তার। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাশেদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাশেদের স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হলে এজাহারভুক্ত আসামি জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। চমেক হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

 

এ ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত