রাতের অন্ধকারে শিক্ষার্থী-কিশোরদের আড্ডা, আটক করে পরামর্শ দিয়ে ছেড়ে দিল প্রশাসন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের অন্ধকারে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বসে আড্ডা দেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী, কিশোর ও তরুণকে আটক করেছে উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তারা। পরে তাদের কোনো ধরনের হয়রানি না করে পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ সময় মাঠের উত্তর দিকে গ্যালারির সামনে ও পেছনের অংশে ঘুটঘুটে অন্ধকারে কয়েকজন শিক্ষার্থী, কিশোর ও তরুণকে বসে আড্ডা দিতে দেখা যায়। তাদের প্রায় সবার হাতেই ছিল মোবাইল ফোন। যে সময়ে তাদের নিজ নিজ বাসায় কিংবা পড়ার টেবিলে থাকার কথা, সে সময়ে অন্ধকার মাঠে নৈশ আড্ডায় মত্ত থাকতে দেখে প্রশাসনের কর্মকর্তারা তাদের আটক করেন।

পরে তাদের সেখানে আসার কারণ ও কী করছিল, তা জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। তবে কেউ ভবিষ্যতে আর এভাবে অন্ধকারে বসে থাকবে না বলে প্রতিশ্রুতি দেয়। আবার কেউ জানায়, ওই দিনই প্রথমবার সেখানে এসেছিল এবং ভুল স্বীকার করে ক্ষমা চায়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, রাতের বেলায় অযথা বাইরে না থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। পরে কোনো ধরনের হয়রানি না করে তাদের নিজ নিজ বাসায় ফিরে যেতে বলা হয় এবং সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত