বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জে এম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব’।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে উৎসবের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমাগম ঘটে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারিক আনাম খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশ্বমানের নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা জে এম হেরিটেজ মল চট্টগ্রামের ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। খাতুনগঞ্জ, টেরিবাজার, কোতোয়ালী ও লালদীঘির মতো ঐতিহাসিক বাণিজ্যিক বলয়কে এটি আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী বলেন, জে এম হেরিটেজ মল কেবল একটি শপিং কমপ্লেক্স নয়, বরং পুরো এলাকার বাণিজ্যিক মূল কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামে আধুনিক বাণিজ্যিক অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে প্রতিষ্ঠানের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, ‘সিটিজেন এভিনিউ মল’ এ অঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থার দীর্ঘদিনের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, উইকন জেএম হেরিটেজ মলের ভূমি মালিকবৃন্দ এবং হযরত শাহ আমানত (রহ.) মাজার শরিফের মতোয়াল্লি শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খানসহ অনেকে।
বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য মেলায় ঘোষণা করা হয়েছে একটি বিশেষ অফার ‘একটি দোকান কিনলে আরেকটি দোকান ফ্রি’। এই অফারের আওতায় জে এম হেরিটেজ মলে একটি কমার্শিয়াল স্পেস কিনলে লোহাগাড়ার আমিরাবাদে ‘সিটিজেন এভিনিউ মল’-এ অতিরিক্ত আরেকটি স্পেস পাওয়ার সুযোগ থাকছে।
উৎসবের প্রথম দিনেই বেশ কয়েকজন ক্রেতা সরাসরি স্পেস বুকিং দিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে, যেখানে সেলস কনসালট্যান্টদের কাছ থেকে সরাসরি স্থান নির্বাচন, মূল্য এবং সহজ পেমেন্ট প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।