সাপসহ আহত মেয়েকে নিয়ে হাসপাতালে বাবা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

শেরপুরের নকলা উপজেলায় সাপ কামড়ে আহত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেন বাবা। এসময় তিনি সঙ্গে করে কামড় দেওয়া জীবন্ত সাপটিকেও ধরে নিয়ে যান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের এমন ঘটনা ঘটেছে। সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে রিয়া মনি নামে এক তরুণী সাপের কামড়ের শিকার হন।

আহত রিয়া মনি (২০) ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মেয়েকে সাপে কামড়ানোর পর সময় নষ্ট না করে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। পরে সাপসহ মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। সাপে কাটার ঘটনায় রিয়া মনি মানসিকভাবে ভেঙে পড়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছেন বলে জানান তারা।

সাপে কামড়ানোর পর মেয়ের জীবন বাঁচাতে মেয়েকে সঙ্গে সাপটিকে নিয়ে হাসপাতালে বাবার উপস্থিতির বিষয়টি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নয়। এ ছাড়া রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত