‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙ্গর তোলো তোলো’, ‘মাগো ভাবনা কেন’র মতো অসংখ্য কালজয়ী দেশাত্মবোধক গানের সুরকার সমর দাস। ২০০১ সালের আজকের দিনে (২৫ সেপ্টেম্বর) চলে যান না ফেরার দেশে। বরেণ্য এই সংগীত পরিচালক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান পরিচালক ছিলেন।
১৯২৯ সালের ১০ ডিসেম্বর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জন্মগ্রহণ করেন সমর দাস। ১৯৪৫ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে বাঁশি বাজানোর মাধ্যমে তার সংগীত জীবনের পথচলা শুরু হয়। তরুণ বয়সেই গিটার ও পিয়ানোতে পারদর্শিতার জন্য তিনি সুনাম অর্জন করেন। পরবর্তী সময় হিজ মাস্টার্স ভয়েস ও ঢাকা বেতার কেন্দ্রে সংগীত পরিচালক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের সংগীত ও চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান অসামান্য। ১৯৫৬ সালে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর সংগীত পরিচালনা করেছিলেন তিনি। এরপর ‘মাটির পাহাড়’, ‘আসিয়া’, ‘গৌরী’, ‘জিঘাংসা’, ‘ধীরে বহে মেঘনা’সহ বহু আলোচিত চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। ১৯৮৫ ও ১৯৯৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের চোখধাঁধানো সূচনা সংগীতেরও সুরকার ছিলেন তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়।