হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের তিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট বিচারক টিম কেলি এ আদেশ দেন। তিনি বলেন, তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে ঢুকতে না দিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ‘সম্ভবত অসাংবিধানিক’। বিচারক টিম কেলি ট্রাম্প প্রশাসনকে ওই সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি পরবর্তী ১৪ দিনের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করা বন্ধ রাখতে বলেছেন।
শুনানির সময় ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এই তিন গণমাধ্যমের প্রবেশ নিষেধাজ্ঞার পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। তবে ফেডারেল বিচারক কেলি সরকারের এই যুক্তি সরাসরি খারিজ করে দেন। বিচারক বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা রক্ষা হবে এমন কোনো তথ্যপ্রমাণ আদালতের কাছে নেই। আবার প্রেস পাস ফিরিয়ে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে সেই প্রমাণও নেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউজ এবং ওই তিনটি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।