ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে সুমারি খাতুন (৭০) ও তার আড়াই বছর বয়সী নাতনি আদিবার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুমারি খাতুন তার আড়াই বছর বয়সী নাতনি আদিবাকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে যান। এ সময় তারা ভিমরুলের আক্রমণের শিকার হন। ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই শিশু আদিবার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহত আদিবা পাশের গ্রামের সৌদি আরবপ্রবাসী আরিফুল ইসলামের মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত।

এদিকে গুরুতর আহত অবস্থায় সুমারি খাতুনকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন, ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত