রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে লিফটের ফাঁকা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কদমতলী শনিরআখড়া ২৪ ফিট রাস্তা সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোসনা বেগমের সহকর্মী মো. ইউনুস আলী জানান, জোসনা নির্মানাধীন ভবনের ময়লা পরিস্কারের কাজ করতেন। সকাল থেকে ৫ম তলায় ময়লা পরিস্কারের কাজ করছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত পাঁচ তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জোসনা বেগমের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন শান্তিপুর গ্রামে। বর্তমানে স্বামী মধু মিয়ার সাথে শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় ধাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত