সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘রেড কার্ড টু বিএনপাইজেশন’ শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ ও পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগের প্রতিবাদ জানান। কর্মসূচি থেকে বিএনপির কথিত দলীয়করণের বিরুদ্ধে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
মানববন্ধনে হাসিব আল ইসলাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বলে, তারেক রহমান নাকি মহাজাদু জানেন। আমরা তো দেখছি তারেক রহমান কালো জাদু জানেন।’
তিনি অভিযোগ করেন, তারেক রহমান ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসে বিভিন্ন জায়গায় নিজের দলের লোকদের নিয়োগ দিচ্ছেন। নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা হিসেবে বিএনপির নেতা বা কর্মী পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এভাবে কোনো দেশ চলতে পারে না উল্লেখ করে হাসিব বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর জুলুম অব্যাহত থাকলে তারেক রহমানের পতন নিশ্চিত হবে।
তারেক রহমানের উদ্দেশে হাসিব আরও বলেন, এত বছর জুম মিটিংয়ের মাধ্যমে দেশে সংগঠন করার সুযোগ পেয়েছেন তিনি। এবার যদি তাকে দেশ থেকে পালাতে হয়, তাহলে জুম মিটিংয়েরও সুযোগ পাবেন না।
মানববন্ধনে হাসিব আল ইসলাম বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট দুইটা। প্রথম দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, পুনরায় তাদের চাকরিতে স্থান দিতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক বিবেচনায় কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে কোনো চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।’
তিনি আরও অভিযোগ করেন, কাওরান বাজারে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তোলেন। এভাবে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারে না। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘হাসিনা স্টাইলে সবকিছুকে দখল করে নেওয়ার চেষ্টা চলছে। তারেক রহমান আপনি হাসিনা হওয়ার চেষ্টা করলেও আপনি কখনো হাসিনা হতে পারবেন না। কারণ আপনার সেই মেকানিজম নেই।’
ছাত্রশক্তির ঢাবি সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, ছাত্রশক্তিকে ছাত্রলীগের পুনরুত্থানের কেন্দ্র বলা হচ্ছে। অথচ ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনা করলে সেখানে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উপস্থিতিই দেখা যাবে। গণঅভ্যুত্থানের আগে মিছিল-মিটিংয়ের জন্য ১০ জন মানুষও পাওয়া যেত না, এখন হাজার হাজার মানুষ কোথা থেকে আসছে, সেটিও আমরা বুঝি। যারা আগে ছাত্রলীগ করেছে, তাদের অনেকে এখন দল পরিবর্তন করে ছাত্রদলে যুক্ত হয়েছে।
তিনি বলেন, বিএনপি বলে- সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা বিভিন্ন ঘটনায় দেখছি, দলীয় ও পারিবারিক স্বার্থই যেন অগ্রাধিকার পাচ্ছে। মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের স্বজনদের বড় প্রকল্প ও ঠিকাদারি কাজ পাওয়ার যেসব অভিযোগ উঠছে, সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান রিপনসহ ঢাবি ও হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।