কীভাবে এক রাতেই আয়ের ৯৯ শতাংশই হারিয়েছিলেন কার্লোস?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

মাঠের বাঁ প্রান্তে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ডিফেন্স গুঁড়িয়ে দেওয়া রবার্তো কার্লোস একসময় ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। তবে ক্যারিয়ারের সোনালি সময়ে হাজারো সাফল্যের জন্ম দিলেও মাঠের বাইরের এক নির্মম বাস্তবতায় নিজের সব অর্জন প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে দেখেছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। 

সম্প্রতি পর্তুগাল ফুটবল সামিটে দেওয়া এক বিশেষ বক্তব্যে তিনি প্রকাশ করেছেন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কথা, যেখানে ম্যানেজারের অব্যবস্থাপনা আর পারিবারিক জটিলতায় চোখের পলকে হারিয়ে গেছে ফুটবলে অর্জিত সম্পত্তির প্রায় ৯৯ শতাংশ।

এক রাতেই বদলে যাওয়া জীবনের গল্প

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের জার্সিতে মাঠ কাঁপানো কার্লোসের আর্থিক বিপর্যয় ঘটেছিল এক অদ্ভুত ও আকস্মিক পরিস্থিতিতে। পর্তুগাল ফুটবল সামিটে নিজের ব্র্যান্ড ও উত্তরাধিকার গড়ার প্যানেল আলোচনায় অংশ নিয়ে কার্লোস জানান, কীভাবে এক রাতের ব্যবধানে তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছিল। পর্তুগালের জনপ্রিয় সংবাদপত্র 'রেকর্ড'-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এমন চরম বাস্তবতার গল্প শুনিয়েছেন কার্লোস নিজেই।

সেদিনের স্মৃতিচারণ করে কার্লোস বলেন, ‘আমি আমার সাবেক ম্যানেজার এবং একটি গুরুতর পারিবারিক সমস্যার কারণে ফুটবলে যা আয় করেছিলাম, তার ৯৯ শতাংশই হারিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘একটি বৃহস্পতিবার আমি মধ্যরাতে ঘুমাতে গিয়েছিলাম এবং শুক্রবার সকালে এমন কিছু নথিপত্র হাতে পেলাম, যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণাও ছিল না। সেখানেই আমি আমার পুরো ইতিহাস হারিয়ে ফেললাম।’ 

খেলোয়াড়ি জীবন শেষের পর ভবিষ্যৎ সুরক্ষার জন্য আগে থেকেই স্পোর্টস ডিরেক্টরের লাইসেন্স নেওয়া এবং ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পরিকল্পনা থাকলেও মানুষের ওপর অতিরিক্ত আস্থার মূল্য দিতে হয়েছে তাকে। তবে বর্তমান অংশীদার পল ব্রাইটনের সহায়তায় নিজের আর্থিক ও পারিবারিক জীবন পুনর্গঠন করতে পেরেছেন বলে জানান তিনি।

বর্তমানে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক তারকা তার এই তিক্ত অভিজ্ঞতা নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে তুলে ধরেন, যাতে কম বয়সে অতিরিক্ত অর্থ উপার্জনের পর সঠিক মানুষ নির্বাচনে তারা সচেতন থাকে।

রোনালদোর ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও ঘুরে দাঁড়ানোর গল্প

নিজের জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আসার পাশাপাশি ওই একই সামিটে সাবেক সতীর্থ ও বন্ধু রোনালদো নাজারিওর ব্যবসায়িক দূরদর্শিতারও প্রশংসা করেন রবার্তো কার্লোস। মাঠে রোনালদোর জাদুকরী পারফরম্যান্সের বাইরেও তাঁর কর্পোরেট সাফল্যকে অনেকেই অবমূল্যায়ন করেন বলে মনে করেন তিনি।

রোনালদোর ক্লাব মালিকানা ও বিনিয়োগ প্রসঙ্গে কার্লোস বলেন, ‘অনেকেই মনে করেন রোনালদো আর্থিক বিষয়ে ধীরস্থির বা কম বোঝেন, কিন্তু তিনি আসলে একজন দারুণ ব্যবসায়ী।’

স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদরিদ ও ব্রাজিলের ক্রুজেইরো ক্লাব অধিগ্রহণ এবং সফল পরিচালনার মাধ্যমে রোনালদো যেভাবে ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছিলেন, তারও উচ্চ প্রশংসা করেন এই ব্রাজিলিয়ান আইকন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত