এমপি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল। এদিকে এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন নুসরাত।

এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মারুফ তালহা জানান, শুক্রবার সকালে সংসদীয় প্রতিনিধিদলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বেলা ৩টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা সংবাদ সম্মেলন করবে।

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুর।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিপক্ষের পেট্রোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেত্রী।

অগ্নিকাণ্ডের সময় বাড়িতে থাকা আটজনের মধ্যে দুজন আহত হন। এ ছাড়া আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত