জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন বলেন যে , ‘এ বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না।’
ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।