ইংল্যান্ডকে হারিয়ে স্পেন প্রমাণ করল কেন তারা বিশ্ব সেরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

স্পেন প্রমাণ করলো কেনো তারা বিশ্ব সেরা দল। উয়েফা নেসন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা। শুরুতে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টমাস তুখেলের দল। তবে অধিনায়ক হ্যারি কেইনের পেনাল্টি মিস এবং রক্ষণের একের পর এক ভুলের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহির মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন লামিন ইয়ামাল। সেখান থেকে সহজেই গোল করে স্পেনকে এগিয়ে দেন এই তারকা। জাতীয় দলের হয়ে এটি ইয়ামালের ৮ম গোল। আর ক্লাব আর জাতীয় দল মিলে ৭ ম্যাচে ৯ম গোল তার।

ওয়েম্বলিতে গত প্রায় ৭০ বছরের মধ্যে এটাই ছিল ইংল্যান্ডের সবচেয়ে দ্রুততম সময়ে হজম করা গোল। ইংল্যান্ডের পুরো ইতিহাসে ওয়েম্বলিতে মাত্র দু'বার এর চেয়েও কম সময়ে তারা গোল খেয়েছে: ১৯৫৩ সালে প্রথম মিনিটেই গোল করেছিল হাঙ্গেরি, আর তার চার বছর পর ১৯৫৭ সালে—একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিল স্কটল্যান্ড।

ওয়ারজাবালের জয়সূচক গোল

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের ৩৬ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে জুড বেলিংহামের দারুণ পাসে চোখধাঁধানো ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান অ্যান্হনি গর্ডন।

সমতায় ফেরার পর আক্রমণ আরও শাণায় স্বাগতিকরা। চার মিনিট পর (৪০ মি.) নিকো ও’রাইলির ক্রস থেকে হারি কেইনের নেওয়া হেড স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার উরুতে লেগে জালে জড়িয়ে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান ৩-১ করার সুবর্ণ সুযোগ পায় ইংল্যান্ড। বেলিংহামকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ফাউল করায় ভিআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে শট নেওয়ার সময় কেইনের বাঁ পা পিছলে গেলে বল গিয়ে লাগে ক্রসবারে, নষ্ট হয় সহজতম সুযোগটি।

পেনাল্টি হাতছাড়া করার খেসারত ইংল্যান্ডকে দিতে হয় দ্রুতই। ৬০ মিনিটে ও’রাইলির পজিশনিং ভুলের সুযোগ নিয়ে দানি ওলমোর পাস থেকে দারুণ এক শটে স্পেনকে ২-২ সমতায় ফেরান বদলি নামা আতলেতিকো মাদ্রিদের অ্যালেক্স বায়েনা। আর ৭৪ মিনিটে বিশ্বকাপজয়ী স্পেনের জয়সূচক গোলটি করেন আরেক বদলি তারকা মিকেল ওয়ারজাবাল। বায়েনার সহায়তায় বক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে ইংল্যান্ড গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর তুখেলের অধীনে এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সুযোগ। তবে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া স্পেনের নিখুঁত আক্রমণের সামনে শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হলো হ্যারি কেইনদের।

স্পেনের কাছে হেরে গেলেও দুই দলের মধ্যকার শক্তির ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন অ্যান্হনি গর্ডন, "ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কেইনের পেনাল্টি মিসটি ম্যাচের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। কেইন পিছলে গিয়েছিল, এমন মুহূর্তে আসলে করার কিছু থাকে না। আর আমাদের ভুলের সুযোগ নিয়েই তারা গোলগুলো করেছে। এই স্তরে এমন ভুল করা সাজে না। তারা বিশ্বের সেরা দল, তবে আমার মতে আমাদের আর ওদের ব্যবধানটা খুব বড় নয়। আজকের ম্যাচটিই তার প্রমাণ।"

আগামী ২৯ সেপ্টেম্বর নেশনস লিগে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে স্পেন ক্রোয়েশিয়ার সংগে, আর ইংল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের সংগে। শনিবার ক্রোয়েশিয়া ২-১ গোলে চেকদের হারিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত