পদ-পদবি কোনো টাকা কামানোর মাধ্যম নয়: এমপি 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোন নেতাকর্মী যদি মনে করেন পদ-পদবী টাকা কামানোর মেশিন। তাহলে তাদের উদ্দেশ্যে বলব এটি টাকা কামানোর মেশিন নয়। বিএনপির উন্নয়নের দল। যারা টাকা কামানোর মেশিন হওয়ার চিন্তা করছেন তারা স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দিন।

মিরসরাইয়ে একটি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন স্পষ্ট বার্তা দিয়েছেন যে, পদ-পদবি কোনো টাকা কামানোর মাধ্যম নয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের কদমতলায় সমাজসেবক ও রাজনীতিবিদ হাসানুজ্জামান সানির অর্থায়নে নির্মিত নুরিয়া হাফেজি মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান কেনু মিয়ার সভাপতিত্বে এবং মাস্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।

এমপি নুরুল আমিন আরও বলেন, সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া সমাজের বিত্তবান ও শিল্পপতিরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে দেশের উন্নয়ন আরও দ্রুত গতি পাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে হিঙ্গুলী ইউনিয়নের বিভিন্ন মসজিদে অনুদানের অর্থ বিতরণ করেন সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত