হৃদরোগী মো. মিলনের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম ও তার কয়েকজন সহপাঠী। ফোরামের পক্ষ থেকে এস এম আসাদুজ্জামানের (মুকুল) নেতৃত্বে মিলনের চিকিৎসার জন্য মোট ৫৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা মিলন (৪০) গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও সংশ্লিষ্টরা জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মিলনের হৃদযন্ত্রের একটি ভাল্বে গুরুতর সমস্যা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপন এবং হৃদযন্ত্রে একটি রিং স্থাপনের প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বর্তমানে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা দিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সময় সম্পর্কে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
সংশ্লিষ্টদের মতে, মিলনের চিকিৎসায় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতে পারে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় এই ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এরই মধ্যে ঢাকাস্থ সাতক্ষীরা সদর-দেবহাটা উপজেলা উন্নয়ন ফোরাম এবং মিলনের কয়েকজন সহপাঠী চিকিৎসার জন্য ৫৩ হাজার টাকা সহায়তা করেছেন। তবে সম্ভাব্য অস্ত্রোপচারসহ পুরো চিকিৎসা সম্পন্ন করতে আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।
এ অবস্থায় মিলনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।