‘রইদ’কে পাঠানো হচ্ছে অস্কারে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

আগামী বছর অনুষ্ঠিতব্য ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমাটি। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে।  প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় আসে। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’। 

অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, খুবই আনন্দ ও উচ্ছ্বাসের একটি খবর আমার রইদ টিমের জন্য। এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে।’ 

সুমন আরও বললেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও হয়ত পাবে।’ 

‘রইদ’ মূলত সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সর্বশেষ সর্বাধিক পঠিত