মামলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন সালমান মুক্তাদির

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও কয়েকটি মন্তব্যের জবাব দিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। রবিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে তিনি হামলার পর থানায় যাওয়ার দাবি করেন। খবর বিবিসি বাংলার।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় ফেসবুকে অভিযোগ করলেও সালমান মুক্তাদির থানায় মামলা করেননি কেন, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির দাবি করেন, হামলার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান। তার ভাষ্য অনুযায়ী, রবিবার ভোর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেও সে সময় তার মামলা নেওয়া হয়নি।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। তিনি দাবি করেন, হামলার রাতে অনেক মানুষকে সঙ্গে নিয়ে ক্যান্টনমেন্ট থানায় গিয়ে রাত ৪টা পর্যন্ত সেখানে ছিলেন।

সালমান মুক্তাদিরের ভাষ্য, দীর্ঘ সময় থানায় অবস্থান করার পর ক্লান্ত হয়ে তিনি বাসায় ফিরে যান। এরপর সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে মন্তব্য করেন। এরপর রবিবার দুপুরে পুলিশ তার মামলা নেয় বলে ভিডিওতে জানান তিনি।

মামলা আগে কেন হয়নি, সে বিষয়ে প্রশ্ন তুলে সালমান মুক্তাদির বলেন, এর আগে মামলা দায়ের না হওয়ার কারণ নিয়ে প্রশ্নটি তার এবং দেশবাসীর পক্ষ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা উচিত।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার ওই অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত