কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার ১১ নম্বর হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আফজাল হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার উলিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আফজাল হোসেনের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।